ওঙ্কার ডেস্ক:অবশেষে জঙ্গলের রাজার জন্য রাজকীয় ভোজের আয়োজন করলো বন দফতর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আওতায় গত এক বছরে বেশ কয়েক বার বন বিভাগের পাতা ট্র্যাপ ক্যামেরায় বন্দী হয়েছে বেশ কয়েকটি রয়েল বেঙ্গল টাইগারের ছবি।রাজার উপস্থিতির কথা জানতে পারার পর থেকেই তাদের দিকে বিশেষ ভাবে নজর দেয় বন বিভাগ।
আর তাই বাঘের প্রিয় শিকার ৫২টি চিতল হরিণ ছাড়া হ’ল বক্সা ব্যাঘ্র প্রকল্পে।এই হরিণ গুলিকে বেথুয়াদাহারী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। বিগত কয়েক বছরে বক্সার জঙ্গলে কয়েকশো চিতল হরিণ ছাড়া হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং ডিয়ার থাকলেও, বাঘেদের খাদ্য তালিকার অতিপ্রিয় চিতল হরিণের সংখ্যা খুবই কম ছিল বক্সায়। স্বাভাবিক কারনেই ওই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বনদপ্তর। বুধবার বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ৫২টি চিতল হরিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া জঙ্গলের কোর এলাকাতে ছেড়ে দেওয়া হয়।
