ওঙ্কার ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর বিরোধিতা করে একাধিক রাজনৈতিক দল ও ব্যক্তি রাস্তায় নেমেছিল। এই আইন ভারতের সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে খাপ খায় না বলে দাবি বিরোধীদের। যদিও কারোর তোয়াক্কা না করে মোদী সরকার সিএএ আইন কার্যকর করেছে। এ বার এই আইন বৈধ নাকি অবৈধ তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, আগামী ৫ মে থেকে সর্বোচ্চ আদালতে এ বিষয়ে লাগাতার শুনানি শুরু হবে।
রিপোর্ট অনুসারে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে এই মামলার শুনানি সম্পন্ন করার। আগামী ৫ থেকে ১২ মে’র মধ্যে এই মামলার শুনানি শেষ করা হবে বলে খবর। শুনানি সম্পন্ন হওয়ার এক মাসের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সিএএ নিয়ে মোট ২৪৩টি মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীদের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ, তৃণমূল কংগ্রেস, সিপিএম, ডিএমকে। মোদী সরকারের আনা সিএএ আইনটির উপর স্থগিতাদেশ চেয়েছিল মামলাকারীরা। যদিও সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই আবেদনে মান্যতা দেননি।
উল্লেখ্য, সিএএ তে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যাঁরা ভারতে এসেছেন বা আসবেন তাঁদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তবে সেই তালিকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং জৈন সম্প্রদায়ের মানুষের কথা বলা হলেও মুসলিমদের বাদ দেওয়া হয়। বিরোধীরা এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে। নাগরিকত্ব প্রদানে কোনো ধর্মীয় গোষ্ঠীকে বঞ্চিত করা চলবে না বলে দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, সিএএ বিরোধী আন্দোলন থেকে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লিতে। সেই সময় মৃত্যু হয়েছিল প্রায় ৫৬ জনের।
