স্পোর্টস রিপোর্টার : ভারতীয় দলে ব্রাত্য বাংলার পেসার মহম্মদ সামি। কিন্তু কামব্যাকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টানা খেলে যাচ্ছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। এবারে ১০০টি ফার্স্ট-ক্লাস ম্যাচের নজির গড়ার কারণে সামির জন্য বিশেষ আয়োজন করেছে সি এ বি। তাঁকে দেওয়া হবে সি এবিসভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই করা একটি ক্রিকেট বল, ১০০ নম্বর লেখা একটি বিশেষ জার্সি এবং একটি রুপোর স্মারক। আগামী ৭ সেপ্টেম্বর ধনধান্যতে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সামিকে এই সম্মান দেওয়া হবে।এই নিয়ে সি এ বি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস বলেন, ‘সামি বাংলার ক্রিকেটের গর্ব এবং একজন কিংবদন্তি ক্রিকেটার। নয়া নজির গড়ার কারণে রাজ্য ক্রিকেট সংস্থার তরফে এটা ছোট্ট একটি ব্যবস্থা ওঁকে সম্মান জানানোর জন্য।’
এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৯টি ম্যাচ খেলেছেন সামি। রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফি ফাইনালে ইস্ট জ়োন বনাম সাউথ জ়োন ম্যাচে নামার কথা তাঁর। তাই শততম ম্যাচের প্রাক্কালে তাঁকে বিশেষ সম্মান জানাতে চায়সি এ বি । যদিও সামি সেদিন থাকবেন কিনা এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে সামির উইকেট সংখ্যা ৩৮২। সেরা বোলিং পরিসংখ্যান এক ইনিংসে ৯০-৮।