ওঙ্কার ডেস্ক: ট্রাম্প বাহিনীর হামলার বলি হলেন নীরিহ শিশু-সহ পাঁচ ইরানি। মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের মাঝে দক্ষিণ ইরানের উপকূলীয় ছোট শহর কুহেস্তাতে মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। সেই হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। হামলার ফলে জখম হয়েছেন অন্তত ৬৫ জন।
ইরানের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, হামলার পর কয়েকদিন কেটে গেলেও এখনও সেখানে ধ্বংসের চিহ্ন ছড়িয়ে রয়েছে। কুহেস্তায় এক বিয়েবাড়িতে মার্কিন বাহিনী এই হামলা চালানোর পর ছিন্ন ভিন্ন হয়ে যায় নিহতদের দেহ। সুলেমান জাকিরি ফার্দ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চারদিকে ধুলো আর ধোঁয়া ছিল। কেউ চিৎকার করছিল, কেউ আর্তনাদ করছিল। সবাই একে একে বেরিয়ে আসছিল। অনেকেই রক্তাক্ত অবস্থায় ছিলেন। ৩৪ বছর বয়সী সাসান জারেয়ি বলেন, ‘আমরা সাহায্যের জন্য ছুটে গিয়েছিলাম। ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়া সকলকে বের করে আনি।আহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল জুতো। জখম শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন।’
উল্লেখ্য, বিশ্ব বাণিজ্যের অন্যতম জলপথ হরমুজ প্রণালী ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হরমুজ প্রণালীর প্রায় পুরোটাই এখন আমাদের দখলে। আর ইরানের অর্থনীতি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন ওরা কোনও চুক্তি সই করল কিনা তাতে আমাদের কিছুই যায় আসে না।’ সেই সঙ্গে ইরানের মানুষকে তিনি পরামর্শ দিয়েছেন মোজতবা খামেনেই শাসনের বিরুদ্ধে সরব হতে।