ওঙ্কার ডেস্ক: দুর্গা পুজোর প্রচারে ইনফ্লুয়েন্সারদের কাজে লাগাতে চাইছে সরকার। বিশ্বের বিভিন্ন শহরে পুজোর প্রচার করার পরিকল্পনা নিয়েছে পর্যটন দফতর। যে তালিকায় রয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার থেকে দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের একাধিক আইকনিক জায়গায় বাংলার দুর্গাপুজোর ঝলক দেলহা যাবে। বিদেশের পাশাপাশি দেশের ১০টি বিমানবন্দর, ৫০টি রেলস্টেশন এবং বাংলার ১ হাজার পুজো প্যান্ডেলেও চলবে প্রচারের কাজ। মোট ২০০ কোটি ভিউ এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, ডিজিটাল প্রচারের জন্য ২,৬০০ জন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরকে যুক্ত করা হবে। এই কাজের বরাত পাওয়ার যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট ইনফ্লুয়েন্সারের কমপক্ষে ১০ লক্ষ ফলোয়ার বা সাবস্ক্রাইবার থাকতে হবে। মূলত ভ্রমণ, পর্যটন, সংস্কৃতি ক্ষেত্র থেকে ৬০ শতাংশকে বাছাই করা হবে। এ ছাড়া খাবার, শিল্প, ফটোগ্রাফি, ফ্যাশন ও লাইফস্টাইল ক্ষেত্র থেকে কনটেন্ট ক্রিয়েটরদের বাছাই করা হবে।
পাশাপাশি বিদেশে বসবাস করেন বাঙালি ইনফ্লুয়েন্সারদেরকেপ গুরুত্ব দেওয়া হবে বলে খবর। বাছাই হওয়া মোট ইনফ্লুয়েন্সারের অন্তত ১৫ শতাংশ হবেন বিদেশে বসবাসকারী। সমাজ মাধ্যম ইনফ্লুয়েন্সারদের তৈরি কনটেন্ট থেকে অন্তত ১০ কোটি ভিউ পাওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া মিলিয়ে গোটা প্রচার কর্মসূচির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০০ কোটি ভিউ ও ইমপ্রেশন। ভারতের মধ্যে দিল্লি-সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতেও বড় আকারে প্রচার চালানো হবে। হোর্ডিং, বাস শেল্টার, কিয়স্ক ও সাইনেজে বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রচার চলবে।