ওঙ্কার ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিতে দিল্লিতে তৈরি হতে চলেছে স্মৃতিসৌধ। রাজঘাট এলাকার মধ্যেই এর জন্য জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মৃতিসৌধ নির্মাণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় গণপূর্ত দপ্তর বা সিপিডব্লিউডি।
জানা গিয়েছে, স্মৃতিসৌধ নির্মাণ সংক্রান্ত সরকারি প্রস্তাবে সম্প্রতি সম্মতি দিয়েছে দিল্লির আর্ট কাউন্সিল।রাজঘাট চত্বরে থাকা অন্যান্য স্মৃতিসৌধের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন স্থাপনাটি তৈরি হবে। আর্ট কাউন্সিলের নির্দেশিকায় নকশা নিয়েও বিশেষ সতর্কতা রয়েছে। রাজঘাটের পরিবেশ ও স্থাপত্যের সঙ্গে বেমানান কোনও নির্মাণশৈলী ব্যবহার করা যাবে না। নির্ধারিত জমিতে থাকা গাছগুলিও সংরক্ষণ করতে হবে। নির্মাণে ব্যবহৃত সামগ্রী নিয়েও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
মনমোহন সিং দু’দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তিনি দীর্ঘ সময় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তবে রাজনীতিতে আসার আগে তাঁর পরিচয় ছিল অর্থনীতির অধ্যাপক হিসেবে।
১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পি ভি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন মনমোহন। সেই সময়ই ভারতের অর্থনীতিতে বড় পরিবর্তনের সূচনা হয়। ১৯৯১ সালের ২৪ জুলাই বাজেট পেশ করে তিনি উদার অর্থনীতির নতুন নীতি সামনে আনেন।উদারীকরণ, বিলগ্নীকরণ ও বিশ্বায়ন ছিল সেই নীতির মূল ভিত্তি। অর্থনীতিবিদদের একাংশ পরবর্তী সময়ে ২৪ জুলাইকে ভারতের অর্থনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করেছেন। মনমোহন সিং ২০০৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন। পরবর্তী দশ বছর তিনি দেশের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ -সালের ২৬ ডিসেম্বর প্রয়াত হন মনমোহন।