ওঙ্কার ডেস্ক: তাদের আন্দোলনের চাপে পিছু হঠতে বাধ্য হয়েছে মোদী সরকার। নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে গোটা দেশে আন্দোলন ছড়িয়ে দিতে পেরেছিল ককরোচ জনতা পার্টি। রাজপথের সেই লড়াইয়ে কার্যত সফল সিজেপি। এ বার নিজেদের দাবি কি আইনসভায় তুলে ধরতে চায় এই সংগঠন? এই প্রশ্ন উঠছে কারণ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি, সেই আবহে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে লখনউয়ে জ্ঞানেশ্বর মিশ্র ট্রাস্টের কার্যালয়ে অখিলেশ ও আশুতোষের বৈঠক হয়েছে। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে শিক্ষা, কর্মসংস্থান এবং দেশের তরুণ প্রজন্মের সমস্যা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে সূত্রের দাবি। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে বিজেপি বিরোধী বৃহত্তর জোট গঠন নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া কর্মসংস্থান, শিক্ষাব্যবস্থা সংস্কার-সহ একাধিক বিষয় বৈঠকের আলোচনায় উঠে এসেছে। বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে সিজেপির জোট হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি উভয় পক্ষ থেকে।
যদিও এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী তথা বিজেপির সহযোগী ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’-র প্রধান ওমপ্রকাশ রাজভর। তাঁর খোঁচা ‘মানুষের সমর্থন হারিয়ে অখিলেশ যাদব এখন ককরোচদের উপর ভর করেছেন। কিন্তু কোনও ধরনের রাজনৈতিক আঁতাত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।’