ওঙ্কার ডেস্ক: নামী সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার ঢাকুরিয়ার একটি সুইমিং পুলে এই ঘটনা ঘটেছে। মৃত পড়ুয়ার নাম সরিপ ঘোষ। বয়স আনুমানিক ১৬ বছর। কী ভাবে এমন ঘটনা ঘটল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, সরিপ শহরের একটি নামী স্কুলের একাদশ শ্রেণিতে পাঠরত ছিল। প্রায় সাত বছর ধরে সে সাঁতার অনুশীলন করত। নিয়মিত সাঁতার কাটার কারণে ক্লাবেও তার পরিচিতি ছিল একজন দক্ষ সাঁতারু হিসেবে। শুক্রবারও নিয়ম মেনেই পুলে নামে সরিপ। কিছুক্ষণ সাঁতার কাটার পর আচমকা সে জলে তলিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে বিষয়টি কারও নজরে আসেনি বলে অভিযোগ। প্রায় ১৫ মিনিট পর সরিপের অবস্থার দিকে নজর পড়ে। দ্রুত তাকে জল থেকে উদ্ধার করা হয়। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু শেষরক্ষা হয়নি, সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাত বছর ধরে সাঁতার শেখা একজন কিশোর কী ভাবে আচমকা জলে ডুবে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলে সেই সময় পর্যাপ্ত নজরদারি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পরিবারের তরফে গাফিলতির অভিযোগও উঠেছে। যদিও ঠিক কী কারণে সরিপ জলে তলিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারের পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।