ওঙ্কার ডেস্ক: কানাডার সঙ্গে বন্ধুত্বের স্বাক্ষর নয়াদিল্লির। ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সফরকালে এদিন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হল একাধিক চুক্তি। সেই মউ চুক্তি অনুসারে, নয়াদিল্লিকে ইউরেনিয়াম রফতানি করবে কানাডা।
সূত্রের খবর, সোমবার দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরিত হয়েছে। আগামী ২০৩০ সালকে মাথায় রেখে চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। ওই সময়ে বাণিজ্যের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। সোমবার দিল্লিতে কারনির সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও কানাডার মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। সিভিল নিউক্লিয়ার এনার্জির জন্য ইউরেনিয়াম দরকার। তার প্রয়োজন মেটাতে কানাডার সঙ্গে ঐতিহাসিক চুক্তি হয়েছে ভারতের। এছাড়া কানাডার একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, কৃষিকাজ এবং ইনোভেশন। কানাডার বিশ্ববিদ্যালয়গুলিতে ভারত ক্যাম্পাস খুলতে চেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, ‘আজ, আমরা এই দৃষ্টিভঙ্গিকে পরবর্তী স্তরের অংশীদারিত্বে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা করেছি। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের বাণিজ্যে পৌঁছানো। আমাদের অগ্রাধিকার, অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা। তাই, আমরা শীঘ্রই একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ ভারত ও কানাডার মধ্যে এদিন ক্রিটিকাল মিনারেল, হাইড্রোকার্বন, গ্রিন হাইড্রোজেন এবং এনার্জি স্টোরেজ নিয়েও চুক্তি হয়েছে।
