নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ফের আন্তঃরাজ্য গরু পাচারের চেষ্টা রুখল পুলিশ। রবিবার রাত ১০টা ৫৫ মিনিট নাগাদ জাতীয় সড়ক ৪৯-এর গজাশিমুল বাসস্ট্যান্ড মোড়ে অভিযান চালিয়ে দুটি কন্টেনার থেকে ৪৫টি গবাদি পশু উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন চালককে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। আটক কন্টেনার দুটির নম্বর NL-01-AK-7687 এবং NL-01-AF-871। গবাদি পশুগুলিকে ওড়িশা থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। ধৃতরা হলেন হুগলির পান্ডুয়ার বাসিন্দা মহম্মদ রিয়াজউদ্দিন (৪৪), শেখ মুস্তাফা (৩৫) এবং শেখ শরিফ (২৮)। জেরায় তারা জানিয়েছেন, ওড়িশার টাঙ্গা ভিলা এলাকা থেকে গরুগুলি কন্টেনারে তোলা হয়েছিল, তবে নির্দিষ্ট থানা বা জেলার নাম বলতে পারেনি। তাদের দাবি, তারা শুধু চালক, গরুগুলি হাওড়ার উলুবেড়িয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল।
পুলিশের নজরে এসেছে, গত ৭ সেপ্টেম্বর ২০২৬-এও ঝাড়গ্রাম থানায় একই ধরনের গবাদি পশু পরিবহণের মামলা রুজু হয়েছিল। গরু তোলার এলাকা, পরিবহণের ধরন এবং গন্তব্যের মিল থাকায় দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গবাদি পশুগুলির বৈধ নথি ছিল কি না, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। উদ্ধার হওয়া ৪৫টি পশু ও দুটি কন্টেনার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।