ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতারণা ও ব্যবসায় কেলেঙ্কারি করে দেশ ছাড়েন ২৫ বছর আগে। অবশেষে মার্কিন মুলুক থেকে গ্রেফতার সেই মনিকা কাপুর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতের বিমানে তাঁকে ভারতে আনা হয়।
সিবিআই সূত্রে খবর, ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান মনিকা। তাঁর দুই ভাই রাজন খান্না এবং রাজীব খন্না। দুই ভাইয়ের সঙ্গে গয়না আমদানি-রফতানির ব্যবসা করতেন মনিকা। অভিযোগ, তিন ভাইবোন ব্যবসায় কেলঙ্কারি করেছেন। গয়না ব্যবসার জন্য অসৎ উপায়ে কেন্দ্র সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, সেই লাইসেন্স পরে বিক্রিও করে দেন মনিকারা। তিন ভাইবোনের এই জালিয়াতির ফলে কেন্দ্রীয় সরকারের মোটা অঙ্কের টাকা ক্ষতি হয়। যার পরিমাণ ছিল প্রায় দুকোটি। বাজার পর্যবেক্ষকদের মতে বর্তমানে যার মূল্য প্রায় ৫ কোটির সমান। ১৯৯৯ সালে মনিকাদের এই জালিয়াতির খবর প্রকাশ্যে আসে। এর পর দেশ ছেড়ে মার্কিন মুলুকে পালিয়ে যান মনিকা।
তাঁকে নিজেদের হেফাজতে অএতে এবং ভারতে ফিরিয়ে আনতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সম্প্রতি নিউ ইয়র্কের আদালত মনিকাকে ভারতে ফেরানোর জন্য নির্দেশ দেয়। আদালতে মনিকা দাবি করেন, ভারতে তাঁকে ফেরানো হলে তাঁকে হেনস্থা করা হবে। যদিও নিউ ইয়র্কের আদালত সেই যুক্তি খারিজ করে দিয়েছে। দীর্ঘ দিন ধরে চেষ্টার পর অবশেষে তাঁকে হাতে পেল গোয়েন্দারা।
