ওঙ্কার ডেস্ক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কারামন্ত্রী। এদিন ইডির তরফে আদালতে আবেদন জানানো হয়, চন্দ্রনাথ সিনহাকে সাত দিনের হেফাজতে নেওয়ার। মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় গোয়েন্দা সংস্থা। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ইডির নজরে রয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তাঁর বিরুদ্ধে আগেই চার্জশিট জমা পড়েছিল। রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় তা আদালতে গ্রহণ করা হয়নি। গত বুধবার অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমতি দেন বিচারপ্রক্রিয়া চালানোর জন্য। এর পরেই ইডির বিশেষ আদালত নির্দেশ দেয় ১৫ দিনের মধ্যে মন্ত্রীকে হাজির হওয়ার জন্য। ১২ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। আদালতের সেই নির্দেশ মেনে এদিন আত্মসমর্পণ করেন মন্ত্রী।
ইডি সূত্রের খবর, বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ। তাঁর বাড়িতে এর আগে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছেন গোয়েন্দারা। প্রায় ৪০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। সেই টাকার উৎস সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি। তদন্তকারীদের দাবি, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত দেড় কোটি টাকার লেনদেন হয়েছে। মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতির টাকা মন্ত্রী চন্দ্রনাথের মাধ্যমে লেনদেন হয়েছে।
