অরুপ পোদ্দার, শিলিগুড়ি: মঙ্গলবার একদিনের সফরে শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এছাড়াও জেলার সরকারি ও দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন শুভেন্দু।
সূত্রের খবর, আগামীকাল বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সরাসরি কালিম্পঙে যাবেন। সেখানেই একটি বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর ফের শিলিগুড়িতে ফিরে পরবর্তী কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখানে উত্তরকন্যায় সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারবেন শুভেন্দু। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে ওই বৈঠকের আলোচনায়। এরপর সমস্ত প্রশাসনিক কর্মসূচি সেরে ফের কলকাতায় রওনা দেবেন তিনি।
সম্প্রতি নেপালে হড়পা বান নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। এমতাবস্থায় প্রতিবেশী দেশের দুর্যোগের ছায়া উত্তরবঙ্গেও পড়তে পারে বলে বড় আশঙ্কা। হিমবাহ গলা জল পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে কখন উত্তরবঙ্গকেও ভাসিয়ে নিয়ে যাবে, তা কেউ বলতে পারে না। এনিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। একইসঙ্গে সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছেই। তাই এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উদ্যোগী শুভেন্দু সরকার। সেই লক্ষ্যেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।