গোপাল শীল, মৌসুনি : পারিবারিক জমি বিবাদের জের। প্রথমে বিবাদ, পরে হাতাহাতি। কার্যত ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ চড়াও হয় অপর পক্ষের উপর। ঘটনায় গুরুতর আহত একই পরিবারের তিনজন সদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর সূত্রের। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌসুনির বালিয়াড়া এলাকায়। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা সেখ মোবারক হোসেন মোল্লার সঙ্গে তাঁরই রক্তের সম্পর্কের ভাইয়ের দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। এর আগেও একাধিকবার অশান্তি হয়েছে দুই পক্ষের। কিন্তু রবিবার পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মোবারক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে নিজেদের জমিতে ধান রোয়ানোর কাজ করছিলেন। ঠিক তখনই ১০ থেকে ১২ জনের একটি দল রড, বাঁশ এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিতে চড়াও হয়। বাধা দিতে গেলে জমির মধ্যেই শুরু হয় তুমুল মারপিট। ধারালো অস্ত্রের কোপ ও লাঠির ঘায়ে মাটিতে লুটিয়ে পড়েন মোবারক হোসেন, তাঁর স্ত্রী, ছেলে এবং বৌমা। পরে গুরুতর জখম অবস্থায় মোবারক হোসেন মোল্লার স্ত্রী, ছেলে ও বৌমাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।