অরুপ পোদ্দার, শিলিগুড়ি: গণতন্ত্র রক্ষার বার্তা দিতে এবং রাজ্যজুড়ে চলা নানা অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে মঙ্গলবার শিলিগুড়িতে বড়সড় পদযাত্রার আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে একদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাঘাযতীন পার্ক থেকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে এবং এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মন্ত্রী, বিধায়ক সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও দলীয় কর্মকর্তারা, ফলে পদযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের তরফেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্রের খবর, পদযাত্রার পাশাপাশি উত্তরকন্যায় তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের পর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প ও কাজ হাতে নেওয়া হয়েছিল, তার গতি প্রকৃতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি, পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক এবং রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক করারও কথা রয়েছে তাঁর।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে গোটা শিলিগুড়ি শহর এবং উত্তরকন্যা চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পদযাত্রার রুট থেকে শুরু করে প্রশাসনিক বৈঠকের স্থান – সর্বত্রই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির দাবি, এই পদযাত্রার মাধ্যমে গণতন্ত্র রক্ষার ডাক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।