ঝাল, মিষ্টি আর টক স্বাদের দারুণ সমন্বয়ে তৈরি চিলি ফিশ হতে পারে আপনার ঘরোয়া আড্ডা বা বিশেষ দিনের মেনুর অন্যতম আকর্ষণ। বাইরে থেকে আনতে হবে না—সঠিক মসলা আর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই তৈরি হবে মুচমুচে, রসালো ও সুস্বাদু চিলি ফিশ।
উপকরণ:
ফিশ ফ্রাইয়ের জন্য:
বোনলেস মাছ ৫০০ গ্রাম, কিউব করে কাটা
কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ
ময়দা ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা ১ চা চামচ
সয়া সস ১ টেবিল চামচ
নুন স্বাদমতো
গোলমরিচ গুঁড়ো ½ চা চামচ
ডিম ১টি
ভাজার জন্য তেল
চিলি সসের জন্য:
শুকনো লাল লঙ্কা ৩–৪টি, কুচি করা
কাঁচা লঙ্কা ৩–৪টি, ফালি করা
পেঁয়াজ ১টি, কিউব করে কাটা
ক্যাপসিকাম ১টি, কিউব করে কাটা
রসুন কুচি ১ টেবিল চামচ
আদা কুচি ১ চা চামচ
সয়া সস ১ টেবিল চামচ
চিলি সস ২ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
ভিনেগার ১ চা চামচ
চিনি ½ চা চামচ
কর্নফ্লাওয়ার ১ চা চামচ + ৩ টেবিল চামচ জল
রান্নার পদ্ধতি :
প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে মাছের সঙ্গে ডিম, আদা-রসুন বাটা, সয়া সস, লবণ ও গোলমরিচ মেশান। এরপর ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে ১০–১৫ মিনিট রেখে দিন।
কড়াইয়ে তেল গরম করে মাছের টুকরোগুলো মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
এবার অন্য একটি প্যানে সামান্য তেল গরম করুন। রসুন ও আদা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও শুকনো লাল লঙ্কা দিন। বেশি নরম না করে হালকা ক্রাঞ্চি রাখুন।
এরপর সয়া সস, চিলি সস, টমেটো সস, ভিনেগার ও চিনি দিয়ে ভালোভাবে মেশান। অল্প জল দিয়ে ফুটিয়ে নিন। কর্নফ্লাওয়ার-জলের মিশ্রণ ঢেলে দ্রুত নাড়তে থাকুন। সস ঘন হয়ে এলে ভাজা মাছ দিয়ে আলতোভাবে মিশিয়ে আরও ১–২ মিনিট রান্না করুন।
গরম গরম চিলি ফিশ প্লেটে সাজিয়ে উপর থেকে সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন। ফ্রাইড রাইস, নুডলস কিংবা একেবারে সাদাভাতের সঙ্গেও এটি দারুণ জমবে!
টিপস: মাছ বেশি সময় সসে রাখবেন না—তাহলে বাইরের মুচমুচে ভাব নষ্ট হতে পারে। রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে সসের সঙ্গে সামান্য চিনি ও ভিনেগারের ভারসাম্য ঠিক রাখুন।