ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের ম সরব হলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের সন্ত্রাস নিয়ে গুরুত্ব না দেয়, তাহলে তার প্রভাব সম্পর্কে পড়বে। নিউইয়র্কে এশিয়া সোসাইটির আয়োজিত এক আলোচনাসভায় ভারত-মার্কিন সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এমনটা বলেন জয়শঙ্কর।
বাণিজ্য, শুল্কনীতি এবং পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের নতুন করে ঘনিষ্ঠতা, এই সবকিছুর মধ্যে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোচ্ছে, তা জানতে চাওয়া হয় বিদেশমন্ত্রীর কাছে। জয়শঙ্কর বলেন, বৃহত্তর আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত-মার্কিন সম্পর্ককে দেখতে হবে। বিশ্বের বহু দেশেরই বর্তমানে ট্রাম্পের দেশের সঙ্গে সম্পর্ক ভাল নয়। সে কথা মনে করিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারতের কাছে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তা হল সন্ত্রাসবাদ।’ তাঁর বক্তব্য, প্রতিবেশী একটি দেশের কাছ থেকে দীর্ঘ কয়েক দশক ধরে যে ধরনের সন্ত্রাসবাদের মুখোমুখি ভারত হয়েছে, এমন অভিজ্ঞতা বিশ্বের খুব কম দেশেরই রয়েছে।
বিদেশমন্ত্রী আরও বলেন, সহযোগী দেশগুলি যদি এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে না বোঝে, তাহলে তার প্রভাব সম্পর্কের উপর পড়বে। ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাত থামাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বার দাবি করেছেন। যদিও নয়াদিল্লি সেই প্রত্যাখ্যান করেছে। এই আবহে জয়শঙ্করের এই মন্তব্য সামনে এল।