ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জন সমর্থন পেয়ে জয়ী হয়েছে এনডিএ জোট। যে জোটে সামিল চিরাগ পাসওয়ানের লোকজনশক্তি পার্টি (রামবিলাস)ও। খুব শীঘ্রই সে রাজ্যে সরকার গঠিত হতে চলেছে। এই আবহে চর্চা শুরু হয়েছে রামবিলাস পাসওয়ানের পুত্রকে নিয়ে। কারণ সম্প্রতি তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যা ঘিরে জল্পনা তৈরি হয়েছে, চিরাগ সম্ভবত উপমুখ্যমন্ত্রীর পদটির জন্য সচেষ্ট হয়েছেন।
শুক্রবার বিহারের ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভার ফল প্রকাশ হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিজেপি পেয়েছে ৮৯টি আসন, জনতা দল ইউনাইটেড পেয়েছে ৮৫ আসন এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯ আসন। মাত্র ২৯ আসনে লড়াই করে ১৯ আসনে জয়ী হওয়ায় বিস্মিত হয়েছেন অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের পর চিরাগ উপমুখ্যমন্ত্রিত্বের দাবি জোরাল করবে সেই সম্ভাবনা ছিলই।
শনিবার বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে সঙ্গে সাক্ষাত করেছেন চিরাগ পাসওয়ান। সমাজ মাধ্যমে চিরাগ নীতিশকে ভূয়সী প্রশংসা করেছেন। বিহারের যুবনেতা বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আমি খুব খুশি যে তিনি এনডিএর সব শরিকের ভূমিকার প্রশংসা করেছেন। এলজেপির সব প্রার্থীকে মুখ্যমন্ত্রী যেভাবে সমর্থন করেছেন তা প্রশংসার দাবি রাখে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে, চিরাগ যে ভাবে নীতিশের প্রশংসা করেছেন তাতে বিজেপিকেও বার্তা দিয়েছেন তিনি। কারণ, বিগত সরকারে যে দুজন বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তাঁরা বিজেপির ছিলেন। কিন্তু সূত্রের খবর, এ বারে চিরাগ ওই পদের দাবি জানানোয় ফাঁপরে পড়েছে বিজেপি। কারণ সেক্ষেত্রে বিজেপি ওই পদে দুজনকে আর বসানোর সুযোগ পাবে না।
