ওঙ্কার ডেস্ক: দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামাকৃষ্ণা গাভাই। বুধবার ভারতের সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। এদিন রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত এই পদে থাকবেন বিআর গাভাই।
উল্লেখ্য, এই প্রথমবার কোনও বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি দেশের শীর্ষ আদালতের সর্বোচ্চ পদে বসছেন। পাশাপাশি দেশ পেল দ্বিতীয় বার কোনও দলিত ব্যক্তিকে প্রধান বিচারপতি পদে। এর আগে দলিত সম্প্রদায় থেকে প্রধান বিচারপতি হন কেজি বালাকৃষ্ণন। সালটা ছিল ২০০৭।
বিচারপতি বিআর গাভাইয়ের জন্ম ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে। বাবা ছিলেন রামকৃষ্ণ সূর্যভান গাভাই মা কমলতাই। রামকৃষ্ণ সূর্যভান গাভাই ডক্টর বিআর আম্বেদকরের একনিষ্ঠ অনুরাগী ছিলেন। বিআর গাভাই ছোটবেলায় অমরাবতীর মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন। বড় হয়ে নাগপুর ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি লাভ করেন। আইনজীবী হিসেবে কাজ শুরু করেন ১৯৮৫ সালের মার্চ মাসে। পরে বম্বে হাইকোর্টের অ্যাডিশনাল জজ হন ২০০৩ সালে। ২০০৫ সালের নভেম্বরে হন স্থায়ী বিচারপতি। সুপ্রিম কোর্টে বিচারপতি পদে রয়েছেন ২০১৯ সাল থেকে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ছোটবেলায় আইনের পেশায় আসার কোনও পরিকল্পনা ছিল না বিআর গাভাইয়ের। তিনি চেয়েছিলেন আর্কিটেক্ট হতে। বাবার ইচ্ছেতেই তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন।
