ওঙ্কার ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলনের সূত্রপাত তা ক্রমশ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। রাজধানী থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে শুক্রবার বেনজির বিক্ষোভের সাক্ষী থাকল মহানগর কলকাতা। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বাম ছাত্র যুবদের মিছিলে দেখা গেল তারুণ্যের বাঁধাভাঙা শক্তি। বহু দিন পর মহানগর সাক্ষী থাকল এমন মিছিলের।
কলকাতায় কর্মসূচি করতে চেয়ে আগেই পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু বিজেপি সরকার সেই অনুমতি না দেওয়ায় এদিন বামেদের মিছিলের সঙ্গে জুড়ে গেল তারা। নিট পরীক্ষায় পূর্ণ স্বচ্ছতা ফেরানো এবং শিক্ষা কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিল্লিতে শুরু হওয়া ওই আন্দোলনের আঁচ যে কলকাতায় এইভাবে এসে পড়বে, তা হয়তো আঁচ করতে পারেনি রাজ্য পুলিশ।
উল্লেখ্য, ২০২৬ সালের নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে টানা ২৬ দিন অনশন করেছেন প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক। সরকারের অনুরোধে বৃহস্পতিবার রাতে তিনি অনশন ভাঙেন। তবে সোনম অনশন প্রত্যাহার করলেও সিজেপি এখনও নিজেদের দাবিতে আন্দোলনে অনড়।