ওঙ্কার ডেস্ক : নির্ধারিত সূচি অনুযায়ী আজ গান্ধী জয়ন্তীতে দেশ জুড়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি। মুম্বাই থেকে ককরোচদের এই কর্মসূচি শুরু হলেও তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন CJP প্রধান অভিজিৎ দীপকে। বৃহস্পতিবারই তারা সাংবাদিক সম্মেলনে ককরোচদের সিজন টু কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, দিল্লি ও বিভিন্ন রাজ্যে বিক্ষোভের পরিকল্পনা থাকলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের কর্মসূচিতে অংশ নেবে না তারা।
ককরোচ জনতা পার্টি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার মুম্বাইর দাদারে শিবাজী পার্ক থেকে এই বিক্ষোভ শুরু হবে। এরপর অক্টোবরের শেষে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৬ অক্টোবর বিরোধীরা যে বিক্ষোভের ডাক দিয়েছে, তাতে সিজেপি অংশ নেবে না। বরং তারা একটি স্বতন্ত্র আন্দোলন হিসেবেই নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে।
মুম্বাই প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা যন্তর মন্তর থেকে সরব না। তাঁদের সাফ কথা, জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা উচিত এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। মুম্বাই পুলিশ অনুমতি না দেওয়া প্রসঙ্গে ডিপকে জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ যদি শিবাজি পার্কে রাজনৈতিক জনসভা করতে পারেন, তবে সিজেপি কেন সেখানে বিক্ষোভ করতে পারবে না ? রাজ্যের মুখ্যমন্ত্রী ফড়নবিশের সতর্কতাকে উপেক্ষা করে অভিজিৎ জানিয়ে দিয়েছেন, ভিন্নমত পোষণ করা গণতন্ত্রের একটি অংশ এবং তিনি প্রয়োজনে তিন মাস জেল খাটতেও প্রস্তুত। তাঁদের এই আন্দোলনে সুশীল সমাজকে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছে ককরোচ জনতা পার্টি।