মাঝ-আকাশে ভারতীয় পাইলটের উপর সহ-পাইলটের হামলার ঘটনায় এবার আন্তর্জাতিক যোগের জল্পনা। এর নেপথ্যে ইরানের হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও সেই সম্ভাবনার কথা জানিয়েছেন। প্রমাণ মিললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে, অভিযুক্ত ওমানি সহ-পাইলটকে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দিয়েছে সৌদি আরব।
বুধবার দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের বিমানটি। ভিতরে ১৮০ জন যাত্রী, যাদের বড় অংশই ইজরায়েলি নাগরিক বলে দাবি তেল আভিভের। বিমান চালাচ্ছিলেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ৩৪ হাজার ফুট উচ্চতায় ককপিটের ভিতরেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সহ-পাইলট। এর জেরে ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায় বিমান। পরে যাত্রী ও ক্রু-রা ককপিটে ঢুকে হামলাকারীকে কাবু করেন এবং বিমানটি সৌদির তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জখম স্মিতকে হাসপাতালে ভর্তি করা হয়, মারধরে সামান্য আহত হামলাকারীকেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর আটক করে সৌদি পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁকে আমিরশাহির হাতে তুলে দেওয়া হয়েছে, কারণ তিনি ফ্লাইদুবাইয়ের কর্মী।
এমতাবস্থায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিকভাবে যা শুনেছেন তাতে ইরান-যোগ থাকার সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, “যা শুনেছি, তার ভিত্তিতে উত্তরটা হ্যাঁ। তবে আমার টিম এখনও কাজ করছে।” ইরান-যোগ প্রমাণ হলে আমেরিকা হামলা করবে কি না, এই প্রশ্নে ট্রাম্পের জবাব, “হ্যাঁ, ওরা খুব বড় আঘাত পাবে।”
অন্যদিকে ট্রাম্পের সুরেই সুর মিলিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই দাবি করেছেন। ফক্স নিউজকে তিনি বলেন, ধৃত যুবক ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত। তাঁর ব্যক্তিগত তথ্য ঘাঁটলে সেই প্রবণতা মিলেছে।নেতানিয়াহুর বক্তব্য, “ধরা পড়ার পর ও বার বার ‘আমাকে মেরে ফেলো’ বলে চিৎকার করছিল। ও আত্মঘাতী মনোভাবাপন্ন ছিল, বিমানটিকে মাটিতে আছড়ে ফেলতে চেয়েছিল। এটা জোরালো সূত্র, তবে এখনই চূড়ান্ত বলব না।”
তিনি আরও জানান, হামলাকারীর কোনও সহযোগী ছিল কি না, নেপথ্যে ইরানের হাত আছে কি না, তা আরও বিশদে তদন্ত করা হবে। ওমান এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সৌদি বা আমিরশাহিও ইরান-যোগ নিয়ে মন্তব্য করতে চায়নি।