অর্পিতা মুখার্জী, কলকাতা: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বা অশান্তি বরদাস্ত করা হবে না। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, তাঁর সরকার রাষ্ট্রবাদী সরকার। দেশের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া এর কাজ। রাষ্ট্র প্রথম। পশ্চিমবঙ্গের মাটিতে ভারতমাতার বিরুদ্ধে যাতে কোনও ষড়যন্ত্র না হয়, সেটা দেখাই সরকারের প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য নারীসুরক্ষা ফিরিয়ে আনা। তৃতীয় কর্তব্য জনগণকে সুরক্ষিত রাখা। এর সঙ্গে সর্বজনীন শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ সুবিধা পৌঁছে দেওয়া এবং সংস্কৃতি ও আধ্যাত্মিক জাগরণের কথাও বলেন মুখ্যমন্ত্রী।
মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গও তোলেন শুভেন্দু। গত বছর সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভের সময় জেলার বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছিল। সেই সময় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের মৃত্যু নিয়ে শোরগোল পড়ে যায়। যদিও পুলিশ পরে জানিয়েছিল, ওই খুনের পিছনে ব্যক্তিগত বিবাদ ছিল। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ধর্ম পালন করতে গেলে কেন কোর্টে যেতে হবে? কেন হরগোবিন্দ, চন্দন দাসকে খুন হতে হবে? কেন ধুলিয়ান, সামশেরগঞ্জে অশান্তি হবে? কেন বারবার বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ হবে? কেন দূরপাল্লার ট্রেনে পাথর ছোড়া হবে? এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারেরও সমালোচনা করেন তিনি।
সীমান্ত সুরক্ষার বিষয়েও তাঁর সরকার বিশেষ নজর দিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খুব কাছেই বাংলাদেশ। সেখানে ধর্ম পালন করতে গিয়ে কীভাবে বাধা পেতে হচ্ছে, তা সবাই জানেন। তাঁর কথায়, প্রণবানন্দ মহারাজ সেদিন আওয়াজ না তুললে, সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে, আজ তিনিও বাংলাদেশে থাকতেন। তাঁদের পরিণতি চিন্ময়কৃষ্ণ প্রভুর থেকেও খারাপ হতো।
ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেন শুভেন্দু। কার্তিক মহারাজের উদ্যোগে আয়োজিত ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির প্রশংসা করেন তিনি। শেষে রাজ্যবাসীকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি রওনা দেন কৃষ্ণনগরের উদ্দেশে।