অর্পিতা মুখার্জী, কলকাতা: পরীক্ষা কেমন হয়েছে, সহপাঠিনী জিজ্ঞেস করতেই উত্তর দিয়েছিল, পরীক্ষা ভাল হয়েছে। তারপরই হঠাৎ প্রশ্ন, চারতলা থেকে ঝাঁপ দিলে কী হবে! সহপাঠিনী বাধা দেওয়ার আগেই বারান্দা থেকে ঝাঁপ দিয়ে দিল অষ্টম শ্রেণির ১৪ বছরের ছাত্রটি।
মঙ্গলবার দুপুরে দমদমের নাগেরবাজারের স্কুলে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মস্তিষ্কে মারাত্মক আঘাত লেগেছে তার। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করা হয়। কিন্তু আঘাত এতটাই গুরুতর যে এখন কোমায় রয়েছে সে। শিরদাঁড়া-সহ শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
সেদিন সকাল থেকে সবকিছুই স্বাভাবিক ছিল। আর পাঁচটা দিনের মতো স্কুলে গিয়েছিল ছাত্রটি। কয়েকটি ক্লাসও করেছিল। এদিন স্কুলে অলিম্পিয়াডের পরীক্ষা ছিল। তার ক্লাস যে ভবনে, পরীক্ষা ছিল পাশের ভবনে। পরীক্ষা দিয়ে নিজের শ্রেণিকক্ষে ফিরছিল সে।
স্কুল সূত্রে খবর, ফেরার সময় চারতলায় এক সহপাঠিনীর সঙ্গে কথা বলছিল ছাত্রটি। পরীক্ষা নিয়ে কথা হচ্ছিল দু’জনের। তখনই হঠাৎ ওই প্রশ্ন করে সে। সহপাঠিনী তাকে থামিয়ে সিঁড়ি দিয়ে নীচে যাওয়ার জন্য জোর করতে থাকে। কিন্তু তার মধ্যেই ঝাঁপ দিয়ে দেয় ছাত্রটি।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে স্কুল সূত্রে জানা গিয়েছে, ছাত্রের চিকিৎসার সব খরচ বহন করছে স্কুল। বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। অভিভাবকদের সম্মতি নিয়েই অস্ত্রোপচার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এর আগে স্কুলে এমন ঘটনা কখনও ঘটেনি। সহপাঠিনীর সঙ্গে কথা বলে কর্তৃপক্ষের মনে হয়েছে, পারিবারিক কোনও সমস্যা থেকে ছাত্রটি এমন পদক্ষেপ করে থাকতে পারে।
দুপুরে স্কুলে পৌঁছয় দমদম থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। স্কুল চত্বরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, ছাত্রটি নিজেই চারতলা থেকে ঝাঁপ দিয়েছে।