অর্পিতা মুখার্জী, কলকাতা: মঙ্গলবার আইপিএল রিটেনশন তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগেই বড় সিদ্ধান্ত জানাল চেন্নাই সুপার কিংস। আগামী মরসুমে খেলোয়াড় হিসেবে আর মাঠে নামবেন না মহেন্দ্র সিংহ ধোনি। তবে সিএসকে ছাড়ছেন না মাহি। এবার থেকে দলের মেন্টর হিসেবে ডাগআউটে দেখা যাবে তাঁকে। হলুদ জার্সির সঙ্গে তাঁর সম্পর্ক তাই অটুটই থাকছে, শুধু ভূমিকাটা বদলে যাচ্ছে।
এদিন বিবৃতিতে সিএসকে জানায়, টিম মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন ধোনি। দলের তরফে বলা হয়, অসংখ্য জয়, চ্যালেঞ্জ আর স্মৃতি চিরকাল হৃদয়ে থাকবে। যাত্রার শুরু থেকেই তিনি দলের হৃদয়ে রয়েছেন।
বিবৃতির শেষ অংশে আরও লেখা হয়, চেন্নাইকে গর্বিত করা থেকে পরের প্রজন্মকে তৈরি করা, সবেতেই সুপার কিংসের সঙ্গে থালা থাকবেন। চেন্নাই সব সময়ই তাঁর ঘর হয়ে থাকবে।
প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএল শুরুর সময় থেকেই চেন্নাইয়ের সঙ্গে ধোনি। তার আগের বছর, ২০০৭ সালে, তাঁর নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। আর তাঁর অধিনায়কত্বে চেন্নাই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।