নিজস্ব প্রতিনিধি: শান্তিনিকেতনে পুলিশের গুলিতে রতন শেখের মৃত্যুর দু’দিন পর মুখ খুললেন তাঁর দাদা সালাম শেখ। তাঁর স্পষ্ট দাবি, পুলিশ ‘এনকাউন্টারের’ নামে মিথ্যা বলছে। শুক্রবার ভাই পুলিশের উপর গুলি চালিয়ে থাকলেও রবিবার তার কাছে কোনও আগ্নেয়াস্ত্র থাকার প্রশ্নই ওঠে না। কারণ তার আগেই সে ধরা পড়ে গিয়েছিল।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর নানুরের বাসিন্দা রতনকে আর একটি মামলায় ধরতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় শান্তিনিকেতন থানার পুলিশবাহিনীর দিকে গুলি ছোড়েন রতন। একটি গুলি লাগে বিশ্বজিৎ দাস নামে এক কনস্টেবলের বাঁ পায়ে। এরপর রতন পালিয়ে যান।
রবিবার পুলিশের তরফে জানানো হয়, নানুরে রতনকে ধরতে গেলে ফের তিনি পুলিশের দিকে গুলি ছুড়েছিলেন। পুলিশের গাড়িতে গুলি লাগে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে মৃত্যু হয় রতনের।
কিন্তু এই বক্তব্য মানতে নারাজ দাদা সালাম। তাঁর দাবি, শুক্রবারের ঘটনার পর ভাই বর্ধমানে গা-ঢাকা দিয়েছিলেন। পুলিশকে সেই খবর তিনিই দিয়েছিলেন। পূর্ব বর্ধমানের নবাবহাটে ভাই ধরা পড়েন। তার পরে নানুরে তিনি কীভাবে পুলিশকে গুলি করতে পারেন!
সালামের কথায়, “ভাইকে বদনাম দেওয়া হচ্ছে। রবিবার ওর কাছে কোনও অস্ত্র ছিল না। যেখানে এনকাউন্টার করা হয়েছে, সেখানে ওর কাছে অস্ত্র ছিল না, আমি জানি।”
ভাইয়ের এনকাউন্টার প্রসঙ্গে সালাম আরও বলেন, “আমি পারিবারিক একটি মামলায় হেফাজতে ছিলাম। শুক্রবার ছাড়া পাই। শনিবার পুলিশ আবার আমায় গ্রেফতার করে নিয়ে যায়। বলে, ভাই কোথায়, খোঁজ দিবি চল। আমি আত্মীয়দের কাছে খোঁজ নিই। শুক্রবার থেকে ও বর্ধমানে ছিল।”
দাদার দাবি, নানুরের বাসিন্দা হলেও বিভিন্ন মামলার কারণে রতন সেখানে পা রাখতেন না। তিনি থাকতেন বোলপুরে। সেই জায়গায় নানুরে কোথায় রতন আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখবেন, প্রশ্ন তুলেছেন সালাম। তিনি বলেন, “সেদিন ও ধরা পড়েছিল নবাবহাটে। কীভাবে তার পর নানুরে পুলিশকে গুলি চালাবে?” নানুরের ইটভাটায় পুলিশই রতনকে গুলি করেছে বলে অভিযোগ সালামের। তাঁর দাবি, “সঠিক তদন্ত হলেই গোটা ঘটনা সামনে আসবে।”