নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড়ের প্রভাবে দু’দিনের টানা বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি তৈরি হল দাসপুরে। জলের তলায় চলে গেল বিঘের পর বিঘে কৃষিজমি। শসা, উচ্ছে, বেগুন, লঙ্কা, ঝিঙে থেকে শুরু করে নানা ধরনের শীতকালীন সবজি এখন জলে ডুবে। চাষিদের আশঙ্কা, এই জলে ডুবে সব ফসলই পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
এমনই ছবি দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের দানিকলা, কাঁটাদরজা, রাইকুন্ডু, বড়ামারা-সহ বেশ কিছু মৌজায়। চাষিরা বলছেন, এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে দুটি নদী — শিলাবতী ও বুড়িগাং। এই দুই নদীর জল বেড়েই প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এতেই চরম ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে গিয়েছেন এলাকার চাষিরা।
চাষিদের কথায়, বর্ষার সময় তাঁরা কোনও চাষ করতে পারেননি। চলতি বছরে দুর্গাপুজোর ঠিক আগেও তাঁরা ফসল লাগিয়েছিলেন, কিন্তু প্রবল বৃষ্টিতে সেই সব শাকসবজি নষ্ট হয়ে যায়। তাঁরা ভেবেছিলেন, এবার চাষ করে ফসল ফলিয়ে লাভের মুখ দেখবেন। কিন্তু দু’দিনের টানা বৃষ্টিতে সব শেষ।
এক চাষির কথায়, “ধার করে বীজ-সার কিনে চাষ করেছিলাম। এবার ভেবেছিলাম ঘুরে দাঁড়াব। এখন জলের তলায় সব। কী করে সংসার চলবে, বুঝতে পারছি না।” আরেক চাষি বললেন, “জল কবে নামবে, কবে জমি শুকোবে, কেউ জানে না। আবার নতুন করে চাষ করার টাকাও নেই।”
এখন বন্যার আকার নিয়েছে বিস্তীর্ণ এলাকা। কবে এই জল কমবে, কবে এলাকা স্বাভাবিক হবে, জানে না কেউ। ক্ষতির হিসাব কষতে কষতেই দিন কাটছে দাসপুরের চাষিদের।