ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণের নথি। ১৯৪৭ সালের বাংলা ভাগ এবং পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাসের সঙ্গে জড়িত এই গুরুত্বপূর্ণ দলিল উধাও হওয়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি সামনে আসতেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তদন্তে নথি নিখোঁজের অভিযোগের সত্যতা মিললে কাউকে রেয়াত করা হবে না। আগের সরকারের আমলে দায়িত্বে থাকা বিধানসভার অধ্যক্ষ, তৎকালীন সচিব, সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রন্থাগারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। প্রয়োজনে তদন্তের দায়িত্ব দেওয়া হবে সিআইডিকে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর কাছে ওই ভাষণের একটি কপি রয়েছে। সেটি বিধানসভার রেকর্ডে জমা করিয়ে দেওয়া হবে। আগামী ৪ তারিখ বিধানসভা খুললে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজন পড়লে সিআইডি তদন্তের দায়িত্ব নেবে।
শুভেন্দুর মতে, ১৯৪৭ সালে বাংলা ভাগের প্রেক্ষাপট বুঝতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী পরিস্থিতিতে বাংলা বিভক্ত হয়েছিল, কীভাবে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল এবং রাজ্যের নামকরণ কীভাবে হয়েছিল, তার ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে ওই বক্তব্যে। ফলে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গ্রন্থাগার থেকে এমন নথি না পাওয়া যাওয়াকে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। কীভাবে সামনে এল নথি নিখোঁজের বিষয়টি? জানা গিয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজে একটি বক্তৃতার প্রস্তুতি নিচ্ছিলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক কৃষ্ণ সরকার। বক্তৃতার বিষয় ছিল ‘দেশভাগ, হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ গঠন’। সেই প্রস্তুতির জন্যই ১৯৪৭ সালের ২০ জুন বিধানসভার অধিবেশনের নথি খুঁজছিলেন তিনি। কিন্তু বিধানসভার গ্রন্থাগারে গিয়ে সংশ্লিষ্ট বইটি খুঁজে পাননি অধ্যাপক। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। শুরু হয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা। বর্তমান বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুও বিষয়টি নিয়ে তদন্তের পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আগেই আলোচনা হয়েছে। তাঁরাও চান, ঘটনার যথাযথ তদন্ত হোক।