ওঙ্কার ডেস্ক: মহম্মদ সামি ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম। কিন্তু ওনাকে নিয়ে বর্তমানে ভাবনার অন্ত নেই। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঠাঁই মেলেনি মহম্মদ সামির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও নয়। আশা করা হয়েছিল, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়ত সামিকে একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু, সেটাও শেষপর্যন্ত হল না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার সামিকে ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর থেকেই আচমকা গোটা ছবিটা বদলে গিয়েছে। ‘অজ্ঞাত’ কোনও একটি কারণে টিম ইন্ডিয়ায় তিনি আর সুযোগ পাচ্ছেন না। শেষ কবে টিম ইন্ডিয়ার জার্সিতে টেস্ট ম্য়াচ খেলেছিলেন সামি? হয়ত অনেকেই ভুলে গিয়েছেন। ২০২৩ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকে ভারতের হয়ে আর কখনও লাল বলের ক্রিকেট খেলতে দেখা যায়নি বাংলার এই পেস ব্যাটারিকে। ওই একই বছর শেষেরদিকে আয়োজন করা হয়েছিল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করলেন সামি। টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারীও তিনিই হয়েছিলেন। দূর্ভাগ্যের বিষয়, ভারত ফাইনালে উঠেও শেষপর্যন্ত খেতাব জয় করতে পারেনি। এখন প্রশ্ন একটাই কবে আগের মত তিনি আবার মাঠে খেলা শুরু করবেন।