নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ;
রাজনীতির পথ আলাদা হলেও মা ও ছেলে সম্পর্ক বজায় থাকবে, ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির হয়ে শিখা চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে রঞ্জন শীল শর্মা। শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবার নজরকাড়া রাজনৈতিক সমীকরণ। একসময়ের রাজনৈতিক গুরু ও শিষ্য—এবার মুখোমুখি নির্বাচনী ময়দানে।
ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি। ২০২১ সালে তিনি গৌতম দেবকে পরাজিত করে বিধায়ক হন। তবে ২০২১ সালের আগে দলবদলের পর আলাদা হয়ে যায় তাঁদের পথ। শিখা চ্যাটার্জি যোগ দেন বিজেপিতে, রঞ্জন থেকে যান তৃণমূলে। প্রার্থী তালিকা ঘোষণার পর শিলিগুড়িতে এসে বৃহস্পতিবার সকালে শিখা চ্যাটার্জিকে ‘মা’ বলে সম্বোধন করে প্রণাম করেন রঞ্জন শীল শর্মা। তাঁর আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করেন। রঞ্জন শীল শর্মার কথায়, “রাজনীতি আলাদা, ব্যক্তিগত সম্পর্কে তিনি আমার মা। রাজনীতি ক্ষেত্রে যতই নীতির লড়াই হোক না কেন মা ও ছেলের সম্পর্ক ছিল আছে থাকবে”।
তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কাউন্সিলর রঞ্জন শীল শর্মা-কে। রাজনৈতিক মহলের মতে, রঞ্জন শীল শর্মার রাজনীতিতে হাতেখড়ি হয় শিখা চ্যাটার্জির হাত ধরেই। শিখা চ্যাটার্জিও ‘ছেলে’ রঞ্জনকে আশীর্বাদ করে বলেন, তার শুভ বুদ্ধির উদয় হোক ধর্মের পথে চলুক।
ডাবগ্রাম-ফুলবাড়ী কেন্দ্রে এই আবেগঘন মা-ছেলের লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার, শেষ পর্যন্ত জয় কার ঝুলিতে যায়।
