নিজস্ব সংবাদদাতা : প্রেমের নামে চলছে প্রতারণা!একাকীত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়ে তৈরি করা হয়েছিল সম্পর্কের ফাঁদ, আর সেই ফাঁদেই হারাতে হয়েছে কোটি কোটি টাকা। কলকাতার বুকে, মিন্টো পার্ক এলাকার এমনই এক ডেটিং অ্যাপ চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা মূলত একাকী যুবক ও মধ্যবয়স্ক পুরুষদের টার্গেট করত। ডেটিং অ্যাপে সুন্দরী নারীর পরিচয়ে যোগাযোগ গড়ে তুলে বিশ্বাস আদায় করা হতো। ঘনিষ্ঠতার ছলে ধীরে ধীরে শুরু হতো প্রতারণা। অর্থ, গয়না, এমনকি ব্যাংক তথ্য পর্যন্ত হাতিয়ে নিত তারা।
পুলিশের জালে এখন পর্যন্ত ধরা পড়েছে ১৭ জন অভিযুক্ত, যাদের মধ্যে ১৬ জনই মহিলা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল, ল্যাপটপ, ব্যাংক সংক্রান্ত নথি এবং প্রতারণার স্ক্রিপ্ট।প্রাথমিক তদন্তে প্রকাশ, এই চক্রের মাধ্যমে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। পাশাপাশি চক্রের মূলচক্রী এবং অর্থ লেনদেনের নেটওয়ার্কের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ আশ্বাস দিয়েছে, গোটা চক্রের মূলোৎপাটন করাই এখন তাদের প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে সম্পর্ক গড়ে তোলার সময় সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত ঘনিষ্ঠতা বা আর্থিক প্রস্তাব এলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া উচিত। পুলিশও জানিয়েছে, এই ধরনের প্রতারণা রুখতে শহরজুড়ে বাড়ানো হচ্ছে জনসচেতনতা ও নজরদারি।
মিন্টো পার্কের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, ডিজিটাল যুগে প্রেম নয়, প্রতারণাই হতে পারে অনলাইন সম্পর্কের আসল মুখ।
