ওঙ্কার ডেস্ক: তার মৃত্যু হয়েছে ভেবে পরিবার রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই ‘মৃত’ কিশোর ফিরে এল বাড়িতে। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশের সিলেটে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিলেটের ওসমানীনগরে বাসিন্দা রবিউল ইসলাম। ১৪ বছর বয়সী ওই কিশোরকে খুন করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছিল তার পরিবার। শুধু তাই নয় তার ‘দেহ’ শনাক্ত করে ইসলামী রীতিতে কবরস্থও করা হয়েছিল। কিন্তু শেষকৃত্যের ১৫ দিন পর ওই কিশোর পরিবারের কাছে জীবিত ফিরে এসেছে। এই ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে নিয়ে থানায় গিয়ে গোটা বিষয়টি জানিয়েছে।
জানা গিয়েছে, রবিউল ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গদিয়াচর গ্রামের বাসিন্দা। একটি রেস্তোরাঁয় কর্মরত ছিল সে। গত ২৬ জুলাই সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। এদিকে গত ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এর পর রবিউলের পরিবার থানায় গিয়ে দাবি করে সেটি রবিউলের দেহ। সেই মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে ৬ আগস্ট শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই ঘটনার পর ৮ আগস্ট রবিউলের মা পারুল বেগম কুলাউড়া থানায় তাঁর ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্ত চলাকালীন রবিউলের খোঁজ পায় তার পরিবার। অন্য দিকে যাকে রবিউল ভেবে কবরস্থ করা হয়েছিল তার দেহ কী করা হবে সে বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
