ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলায়। সংঘর্ষের পর দুটি ট্রাকেই আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল তিন জনের। পালনাডু ও গুন্টুর জেলার সীমানায় বয়াপালেমের কাছে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে এড়াতে গিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রাক। যার ফলে দুটি ট্রাকেই আগুন লেগে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে ১৬ নম্বর জাতীয় সড়ক-এ এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে দুটি ট্রাকেই আগুন ধরে যায়। দুটি ট্রাকের চালক এবং এক কর্মী আগুনে আটকে পড়ে পুড়ে মারা যান। পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযানের পর নিহতদের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, একটি ট্রাকে টাইলস এবং অন্যটিতে কাগজ বোঝাই ছিল। জানা গিয়েছে, একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার কারণে রাস্তার উপর দাঁড়িয়েছিল। কুরনুল থেকে মাছিলিপত্তনমের দিকে যাওয়া টাইলস বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এরপর উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধাক্কার অভিঘাত এতটাই ছিল, দুটি গাড়িরই সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। চালক ও কর্মী ভেতরে আটকে পড়েন। সংঘর্ষের ফলে দুটি গাড়িতেই আগুন লেগে যায়।
এক পুলিশ আধিকারিক জানান, ট্রাক দুটির মধ্যে একটিতে কাগজ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুটি গাড়িই ভস্মীভূত হয়ে গিয়েছে। টাইলস বোঝাই ট্রাকটির চালকের নাম মেকালা রবিকুমার ও কর্মী রমেশ। কর্নাটক থেকে আসা কাগজ বোঝাই ট্রাকটির চালকের নাম ধর্মপতি। পুলিশ দেহাবশেষ উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।