ওঙ্কার ডেস্ক: রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতায় আজ থেকে শুরু হল প্রথম দফায় আর্থিক সহায়তা প্রদান। বিজেপি সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই এক কোটিরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে এই অর্থ সরাসরি উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে।
বিজেপি সরকারের বক্তব্য, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচে সহায়তা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশাসনের দাবি, আবেদনপত্র যাচাই ও তথ্য মিলিয়ে যাঁদের আবেদন অনুমোদিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে ধাপে ধাপে অর্থ পৌঁছে যাচ্ছে। যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, যাচাই সম্পূর্ণ হলেই তাঁরাও এই সুবিধা পাবেন। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া এখনও চালু রয়েছে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদনপত্রে পরিবারের আর্থিক ও সামাজিক তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পরিচয়পত্র-সহ একাধিক তথ্য জমা দিতে হচ্ছে। সমস্ত নথি যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্রশাসনের দাবি, উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে কি না, তা সংশ্লিষ্ট ব্যাঙ্ক, এসএমএস অথবা সরকারি পোর্টালের মাধ্যমে যাচাই করা যাবে। এছাড়া ব্লক, পুরসভা বা সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যালয় থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মহিলার হাতে প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা পারিবারিক ব্যয় নির্বাহের পাশাপাশি তাঁদের আর্থিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।