ওঙ্কার ডেস্কঃ নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবার দলের প্রতীক ও তহবিল দাবি করে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।
সূত্রের খবর, বৃহস্পতিবার কমিশন সেই সময় দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার সময় ঋতব্রতপন্থীদের ১০ সদস্যের এক প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে দেখা করবেন। ঋতব্রতরা যে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে জ্ঞানেশ কুমারের কাছে দলের প্রতীক ও তহবিলের অধিকার দাবি করতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করার জন্য বুধবার বিকালেই দিল্লি রওনা দেবেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিরা।
ওয়াকিবহাল মহলের মতে, বৃহস্পতিবারই সরকারিভাবে তৃণমূলের প্রতীক নিয়ে আইনি লড়াইটা শুরু হয়ে গেল। যে লড়াই এখন বহুদূর গড়াবে।
বঙ্গে ভোটপ্রচারের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিনরাত বাক্যবাণে বিদ্ধ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামের সঙ্গে ছন্দ মিলিয়ে জ্ঞানেশ কুমারকে বারবার ‘ভ্যানিশ’ কুমার বলে কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সেই জ্ঞানেশ কুমারের হাতেই নির্ধারিত হতে চলেছে মমতা-তৃণমূলের ভাগ্য।