ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা পাঞ্জাবে। একদল পথকুকুর ছিঁড়ে খেল চার বছর বয়সী এক শিশুকন্যাকে। পরিযায়ী শ্রমিকের ওই কন্যাকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিশুকন্যার মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় টাণ্ডা থানা এলাকার ওহারপুর-বাসি জালাল এর কাছে রাস্তায় এই ঘটনা ঘটেছে। শিশুটি গাছের তলায় যখন বসেছিল, তখন সাতটি পথকুকুর এসে তার উপর হামলা করে। দাঁত দিয়ে কামড়ে তাকে টেনে নিয়ে যায়। নিহত শিশুটির নাম গুনগুন বলে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার ধ্যানপুর গ্রামের বাসিন্দা সে। বাবার নাম রাম জীবন, মায়ের নাম প্রীতি। ধান রোপণের কাজের জন্য ওই দম্পতি বাসি জালাল গ্রামে এসেছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে।
পুলিশের তথ্য অনুযায়ী, দম্পতিটি যে জমিতে কাজ করছিলেন, সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি টিউবওয়েলের কাছে গাছের ছায়ায় তাঁরা তাঁদের মেয়েকে রেখেছিলেন। কিন্তু বিকেল সাড়ে ৫টা নাগাদ সাতটি পথ কুকুরের একটি দল শিশুটির উপর আক্রমণ করে। তাকে দূরে টেনে নিয়ে যায়, ফলে সে গুরুতর ভাবে জখম হয়। শিশুটির আর্তনাদ শুনে বাবা-মা ও অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টাণ্ডার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থা বিবেচনা করে হোশিয়ারপুরে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।