স্পোর্টস রিপোর্টার : মোহনবাগানের প্রাক্তন কোচ আন্টেনিও লোপেজ হাবাসকেই কোচ করছে ইস্টবেঙ্গল। এদিন লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং একাধিক ট্রফি জয়ের সাফল্যের কথা বিবেচনা করেই হাবাসের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
নতুন কোচকে স্বাগত জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, ‘ভারতীয় ফুটবলে তাঁর অসামান্য সাফল্য, কৌশলগত দক্ষতা, পেশাদারিত্ব এবং জয়ের মানসিকতা তাঁকে ইস্টবেঙ্গলের জন্য আদর্শ কোচ করে তুলেছে। ইস্টবেঙ্গল শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়, এটি কোটি কোটি সমর্থকের আবেগ, গর্ব ও ঐতিহ্যের প্রতীক। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে দল আরও সাফল্যের পথে এগিয়ে যাবে এবং ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমৃদ্ধ করবে।’ দায়িত্ব নিয়ে হাবাস বলেন, ‘অত্যন্ত উৎসাহ এবং দায়িত্ব নিয়ে আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের একমাত্র লক্ষ্য হবে এই ক্লাবের প্রতীককে আরও উপরে নিয়ে যাওয়া এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করে ক্লাবের স্বপ্ন ও লক্ষ্য পূরণ করা। খুব শিগগিরই কলকাতায় এসে সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।’
২০১৪ সালে সালে আইএসএল শুরুর বছরে বছরে হাবাস আটলেটিকো কলকাতারকে ট্রফি দেন। ২০১৪-২০১৬ পর্যন্ত কলকাতার দায়িত্ব পালনের পর তিনি চলে যান পুনে সিটি এফসিতে। সেখানে তিন বছর কাটানোর পর ২০১৯ সালে আসেন এটিকে-তে এর পর এটিকের সঙ্গে মোহনবাগান মিশে যাওয়ার পর সেই ক্লাবেরও দায়িত্ব নেন তিনি। মাঝে কিছুদিন মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন। ২০২৪-২০২৬ সাল পর্যন্ত তিনি ইন্টার কাশীর কোচ ছিলেন। কাশীকে আইলিগ চ্যাম্পিয়ন করে আইএসএলে তোলেন। এবার কাশির পরে ইস্টবেঙ্গল। গত বছর ইস্টবেঙ্গলে ট্রফি আসে, এবারেও হাবাসের হাত ধরে ট্রফির আশায় লাল হলুদ সমর্থকরা।