ওঙ্কার ডেস্ক: তিন দেশের সফরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর সেরে দেশে ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী। ৬ জুলাই থেকে শুরু হয়ে এই সফর চলবে ১১ জুলাই পর্যন্ত। ভারতের ‘মহাসাগর ভিশন’কে শক্তিশালী করাই মোদীর এই সফর বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর সফরের সূচনা হবে ইন্দোনেশিয়া থেকে। ৬ জুলাই থেকে এই সফর শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী যাবেন অস্ট্রেলিয়ায়। ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়ায় থাকবেন। এরপর ১০ জুলাই তিনি নিউজিল্যান্ডে যাবেন। থাকবেন ১১ জুলাই পর্যন্ত। এদিন ইন্দোনেশিয়ায় রওনা দেওয়ার আগে মোদী জানিয়েছেন, ‘পূর্ব ও দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এবং এরপর নিউজিল্যান্ডে আমার এই সফর ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ ও ‘মহাসাগর’ ভিশনের পাশাপাশি একটি অবাধ ও উন্মুক্ত ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও সুদৃঢ় করবে।’
এই সফরে মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করবেন। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মতো বিষয় উঠে আসতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়া সফরেও ভারতের প্রধানমন্ত্রী বৈঠক করবেন অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা নিয়ে কথা হতে পারে বলে সূত্রের খবর। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদীর।