ওঙ্কার ডেস্ক: রাজ্যে বৃষ্টি অব্যাহত। সোমবারের পর মঙ্গলবারেও প্রায় একইরকম আবহাওয়া বজায় থাকবে পশ্চিমবঙ্গে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বৃষ্টি হলেও বজায় থাকবে গরমের অস্বস্তি বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
এদিন কলকাতার আকাশ সকাল থেকেই ঘন মেঘে ঢাকা। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে মঙ্গল থেকেই। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।