ওঙ্কার ডেস্কঃ বারুইপুর কাণ্ডে নির্যাতিতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি নির্যাতিতার পরিবারকে আশ্বাস দেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বারুইপুর যায়। কথা বলেন পরিবারের সঙ্গে।
অন্যদিকে বারুইপুরের ঘটনায় নড়েচড়ে বসেছে জাতীয় মহিলা কমিশনও। জানা যাচ্ছে, ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে। ঘটনার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্তের অগ্রগতি কি রয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। অন্যদিকে আজই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে।
বারুইপুরে অশান্তির সূত্রপাত রবিবার সকাল থেকে। পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধপধপি এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ করেন, চলে রেল অবরোধও। ঘটনার খবর কানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নির্যাতিতার বাবার সঙ্গে। দ্রুত বিচারের আশ্বাস দেন। বিকেলের মধ্যেই ৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।