ওঙ্কার ডেস্কঃ ‘সেবাশ্রয়’ নিয়ে নানা বেনিয়মের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এবার সেই ‘সেবাশ্রয়’ নিয়েই ফের নতুন অভিযোগ দায়ের হল পারুলিয়া কোস্টাল থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর অভিযোগ, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেবাশ্রয়ে ব্যবহৃত ওষুধের গুণমান নিয়েও প্রশ্ন বিজেপি নেতার।
সূত্রের খবর, পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, সামিম আহমেদ-সহ তৎকালীন জেলাশাসক, স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ। এই প্রসঙ্গে বিজেপি নেতার আরও অভিযোগ, গত ১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে কোটি টাকা মূল্যের প্রচুর ওষুধ উদ্ধার হয়েছিল। অভিযোগ, ‘সেবাশ্রয়’ প্রকল্পে ওষুধ নিয়ে যে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে মাটি খুঁড়ে এই ওষুধ উদ্ধারের ঘটনাই তার প্রমাণ।
অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের বেশিরভাগই ছিল মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ। এই ওষুধ রহস্যের প্রকৃত সত্য কি তা নিরপেক্ষ তদন্ত করলে সবটাই সামনে আসবে বলে জানিয়েছেন বিজেপি নেতা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, “অভিযোগ এসেছে। আমি দেখেছি। পুলিশ তদন্ত করবে। জেলাশাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার নেবে। এটা অপরাধ। আর অপরাধ হলে তা দেখার জন্য যা করার করা হবে।”