ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টি (সিজেপি)-কে আম আদমি পার্টির ‘বি-টিম’ বলে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, সিজেপি বেছে বেছে এমন বিষয় নিয়ে আন্দোলন করছে, যা আপের রাজনৈতিক স্বার্থের সঙ্গে মেলে। একই সঙ্গে পাঞ্জাবে এক মাদকবিরোধী কর্মী খুনের ঘটনায় সিজেপি কেন প্রতিবাদ করছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রেখা গুপ্তের প্রশ্ন, বিরোধী দল পরিচালিত রাজ্যগুলিতে কোনও সমস্যা দেখা দিলে সিজেপি কোথায় থাকে? সেখানে গিয়ে কেন তারা বিক্ষোভ দেখায় না? দিল্লিতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলা প্রতিবাদ ও অবস্থানের আবহেই এই মন্তব্য করেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী সিজেপি-কে তামিলনাড়ু ও কেরলের মতো রাজ্যেও আন্দোলন করার চ্যালেঞ্জ জানান। তাঁর বক্তব্য, দিল্লির বাইরে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হলেও সেখানে নানা ইস্যু রয়েছে। সেসব ক্ষেত্রে সিজেপি কেন সরব হয় না, সেই প্রশ্ন তোলেন রেখা।
একই সঙ্গে বিরোধী দল এবং কয়েকটি সংগঠনের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগও আনেন তিনি। তাঁর দাবি, এই ধরনের তৎপরতার লক্ষ্য দেশের ক্ষতি করা। পাঞ্জাবে মাদকবিরোধী কর্মী খুনের ঘটনাকে সামনে রেখেও সিজেপি-কে আক্রমণ করেন রেখা গুপ্ত। উল্লেখ্য মঙ্গলবার, ১৩ অক্টোবর, পাঞ্জাবের মানসা জেলার একটি ব্যস্ত বাজারে গুলিতে মৃত্যু হয় পরবিন্দর সিং ওরফে ঝোটার। তিনি মাদকাসক্তির বিরুদ্ধে এবং ওষুধের দোকানে নেশার সামগ্রী বেআইনিভাবে বিক্রির বিরুদ্ধে সরব ছিলেন। এই ঘটনার প্রসঙ্গ টেনে রেখা প্রশ্ন করেন, পাঞ্জাবে গিয়ে সিজেপি কেন প্রতিবাদ করছে না? তাঁর অভিযোগ, সংগঠনটি আপের ‘বি-টিম’-এর মতো আচরণ করছে এবং শুধুমাত্র দলের পছন্দসই বিষয়েই আন্দোলন চালাচ্ছে।