নয়াদিল্লি: রাজধানীতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা থামছেই না। বুধবার বিকেলে ফের বড় দুর্ঘটনা ঘটল উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরীতে। বিকেল সাড়ে ৩টে নাগাদ নিউ সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবনের সামনের অংশ হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ধ্বংসাবশেষের নিচে অন্তত এক ডজন মানুষ আটকে রয়েছেন। এখনও পর্যন্ত ২ শিশু-সহ ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা।
এদিন ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন, খালি হাতে কংক্রিটের চাঁই সরানোর চেষ্টা করছেন তাঁরা। এলাকার ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের সামনে ভিড় জমিয়েছেন বহু মানুষ। উদ্ধারকারী গাড়ি ও অ্যাম্বুল্যান্স চলাচলের জন্য রাস্তা ফাঁকা করছে পুলিশ। দিল্লি ট্রাফিক পুলিশের তরফে সীমাপুরী গোলচক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে উদ্ধারকাজকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, প্রায় এক মাস আগেই দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে একটি পাঁচতলা পিজি বিল্ডিং ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের দুর্ঘটনা ঘটল সীমাপুরীতে। মাস কয়েক আগে বর্ষায় উত্তর দিল্লির সবজি মান্ডি এবং করোলবাগ এলাকাতেও পুরনো, জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে দিল্লির বেআইনি নির্মাণ এবং পুরনো বাড়িগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে।