নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: রেলশহরে ফের ফিরল গুলি-আতঙ্ক। ভরদুপুরে ব্যস্ত জনবহুল এলাকায় কলেজ ছাত্রকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর অভিযোগ। জখম ছাত্রের নাম অক্ষয় ঝা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে।
সূত্রের খবর, আজ, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে খড়গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায়, গীতাঞ্জলি হলের ঠিক পিছনের গলিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে করে যাচ্ছিলেন দুই যুবক। বাইক চালাচ্ছিলেন সাগর কুমার, পিছনে বসেছিল অক্ষয় ঝা। অভিযোগ, সেই সময় আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। বুকে গুলি লাগে অক্ষয়ের। তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক।
সেই অবস্থায় তকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতায় স্থানান্তর করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ, অত্যন্ত কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে অক্ষয়কে।
তবে ঠিক কী কারণে এই দুঃসাহসিক কাণ্ড ঘটাল দুষ্কৃতীরা, তা এখনও জানা যায়নি। বাইকচালক সাগর কুমারের দাবি, তিনি কিছু বুঝে ওঠার আগেই গুলি লাগে। অথচ ঘটনাস্থলের লাগোয়া বাড়ির বাসিন্দাদের দাবি, তাঁরা কোনও গুলির শব্দ বা চিৎকার শোনেননি। দিনের আলোয় এমন ঘটনা ঘটল অথচ কেউ টের পেল না, তা নিয়েই সন্দেহ দানা বাঁধছে। পূর্ব শত্রুতা, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
এমতাবস্থায় ঘটনাকে কেন্দ্র করে রেলশহরের সামাজিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । খড়গপুরকে দুষ্কৃতীমুক্ত করতে পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে বলে দাবি করা হলেও, বাস্তব চিত্র ভিন্ন। দিনের পর দিন মাদক পাচার, বে-আইনি অস্ত্রের কারবার, ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের টহলদারি, সিসিটিভি নজরদারি এবং গোয়েন্দা নেটওয়ার্কের দুর্বলতাই এর কারণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সাধারণ মানুষের প্রশ্ন, ভরদুপুরে পুরসভার রেল এলাকার মতো জনবহুল জায়গায় যদি ছাত্রকে লক্ষ্য করে গুলি চলে, তাহলে নাগরিক সুরক্ষা কোথায়? স্কুল-কলেজ পড়ুয়া, মহিলারা কীভাবে নিরাপদে রাস্তায় বেরোবেন? শুধু ঘটনার পর তদন্ত নয়, অপরাধ দমনে আগাম গোয়েন্দা তথ্য এবং এলাকাভিত্তিক পুলিশি নজরদারি জোরদার করার দাবি উঠছে।