নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার আসানসোলের বানপুর সেল ইস্পাত কারখানায় (SAIL-ISP) অনুষ্ঠিত হলো ইউনিয়ন নির্বাচন। দীর্ঘদিন পর কারখানার ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হওয়ায় শ্রমিক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন খোদ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আজ সকাল থেকেই কারখানা চত্বরে ছিল উৎসবের মেজাজ। লম্বা লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিধি বেছে নিতে ভোট দেন শ্রমিকরা। বহু পুরনো শ্রমিকদের কথায়, এতদিন পর নিজেদের ইউনিয়ন বেছে নেওয়ার সুযোগ পেয়ে তাঁরা খুশি। এদিন ভোট চলাকালীন কারখানার বাইরে BMS-এর কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বানপুর সেল ইস্পাত কারখানায় কোনও ইউনিয়ন নির্বাচন হয়নি। অভিযোগ, আগের সরকারের আমলে ইউনিয়নের ঝামেলা ও রাজনৈতিক টানাপোড়েনে ৫৪টি কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, তার প্রভাব পড়েছিল বানপুরেও। গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ থাকায় শ্রমিকদের দাবি-দাওয়া সেভাবে তুলে ধরা যাচ্ছিল না। বিষয়টি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের নজরেও আনা হয়েছিল।
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলায়। নতুন সরকার শ্রমিক স্বার্থকে গুরুত্ব দিয়ে এই নির্বাচনের উদ্যোগ নেয়। তারই ফলশ্রুতিতে এই প্রথম কারখানায় সুষ্ঠুভাবে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হল। দীর্ঘ বিরতির পর ভোট হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। তাঁদের আশা, এবার নির্বাচিত ইউনিয়ন কারখানার উৎপাদন বাড়ানো এবং শ্রমিকদের স্বার্থরক্ষায় সক্রিয় ভূমিকা নেবে।