রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় যোগ দিতে না পারলেও দূর থেকেই কড়া বার্তা দিলেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস। তাঁর সাফ ঘোষণা, ইজরায়েলি হামলায় অস্তিত্ব বিপন্ন হলেও প্যালেস্টাইনবাসী মাতৃভূমি ছাড়বে না, মেনে নেবে না বাস্তুচ্যুতিও।
ট্রাম্প প্রশাসন ভিসা না দেওয়ায় এবার নিউ ইয়র্কে সশরীরে উপস্থিত হতে পারেননি আব্বাস। বৃহস্পতিবার তাঁর আগে থেকে রেকর্ড করা ভিডিও ভাষণ সম্প্রচার করে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। সেখানেই আব্বাস বলেন, “আমাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার অন্য কাউকে দেব না।” ভাষণে তিনি বলেন, “প্যালেস্টাইনের মানুষ ইতিহাসের ভয়াবহতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইজরায়েলি বসতি সম্প্রসারণ দ্রুত বাড়ছে, ওয়েস্ট ব্যাঙ্ককে টুকরো টুকরো করা হচ্ছে এবং জেরুজালেমকে বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত হিংসার শিকার হচ্ছি।”
উল্লেখ্য, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া ‘ফাতা’র নেতৃত্বাধীন PLO-র নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক। সেখানকার স্বশাসিত প্রশাসন চালান আব্বাসই। ২০০৭ সালে গৃহযুদ্ধে PLO-কে হারিয়ে গাজার দখল নেয় হামাস। ২০২২ সালের ফেব্রুয়ারির পর ওয়েস্ট ব্যাঙ্কে ফের গ্রাউন্ড অপারেশন চালিয়ে পূর্ব জেরুজালেমের একাংশ সহ নতুন ভূখণ্ড দখল করে ইজরায়েলি সেনা।