কলকাতা: আরও ছয় মাস রাজ্য পুলিশের ডিজি পদে থাকছেন সিদ্ধনাথ গুপ্ত। তাঁর অবসরের দিন ছিল ৩১ অক্টোবর, তার আগেই কেন্দ্রের তরফে নবান্নকে চিঠি দিয়ে মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে দেওয়া হল।
১৯৯২ ব্যাচের আইপিএস সিদ্ধনাথ গুপ্তকে ভোটের মুখে রাজ্যের ডিজি করা হয়েছিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই নির্বাচন কমিশন তৎকালীন ডিজিপি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেয়। তাঁর জায়গায় দায়িত্ব পান সিদ্ধনাথ। একই সঙ্গে বদল করা হয় কলকাতা পুলিশের কমিশনার, এডিজি আইনশৃঙ্খলা এবং ডিজি কারা পদেও।
গত ৩০ এপ্রিল তাঁর অবসরের কথা ছিল। কিন্তু ভোটপর্ব না মেটায় তখনই তাঁর চাকরির মেয়াদ ছয় মাস বাড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার সেই মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে আগামী বছরের এপ্রিল পর্যন্ত করা হল।
কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিদ্ধনাথের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়োগ কমিটি। ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইন অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে কে হচ্ছেন পরবর্তী ডিজি, তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল নানা মহলে। কেন্দ্রের চাওয়ায় নবান্নের তরফে কয়েকজনের নামও দিল্লিতে পাঠানো হয়েছিল। কিন্তু আপাতত সেই প্রক্রিয়ায় ইতি টেনে আরও ছয় মাস সিদ্ধনাথকেই রাজ্যের পুলিশ প্রধান হিসাবে বহাল রাখল কেন্দ্র।