ওঙ্কার ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার আগে মহিলাদের মাসে তিন হাজার করে টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই ঘোষণা বাস্তবায়নের চেষ্টা করছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। কিন্তু বিশাল অংশের মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভও সংঘটিত হয়েছে। এই আবহে বিক্ষোভকারীদের দুষলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তোলেন। দিলীপের বক্তব্য, আগের সরকার অনেক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিয়েছে। তাঁর দাবি, এর ফলে মানুষের মধ্যে সব সুবিধা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর কথায়, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। সবাইকে ভাতা দেওয়া সম্ভব নয়। যোগ্যতার মাপকাঠিতে যাঁরা পড়বেন, তাঁরাই সুবিধা পাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য শুক্রবার পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখান। সেই সময় জেলাশাসকের সঙ্গে বৈঠকে ছিলেন অগ্নিমিত্রা পাল।আচমকা বহু মহিলা দফতরের নীচতলায় চলে আসেন।
পরিস্থিতি সামাল দিতে বৈঠক ছেড়ে নীচে নেমে আসেন মন্ত্রী। সরাসরি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি।
মহিলারা জানান, তাঁরা এখনও কোনও মাসের টাকা পাননি। আবেদন সংক্রান্ত কাজেও তাঁদের হয়রানির অভিযোগ ওঠে। কারও দাবি, এসডিও অফিস থেকে পাঠানো হচ্ছে পুরসভায়। আবার পুরসভা থেকে তাঁদের পাঠানো হচ্ছে এসডিও অফিসে। ফলে একাধিক দফতরে ঘুরেও সমস্যার সমাধান হচ্ছে না।