নিজস্ব প্রতিনিধি ,দক্ষিণ ২৪ পরগনা: মাত্র পঞ্চাশ হাজার টাকাকে কেন্দ্র করে সংসারে অশান্তি, আর তার জেরে মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল বাসন্তী। স্বামী-স্ত্রীর বচসার মাঝে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাতে গিয়ে গুরুতর জখম হলেন স্ত্রী। তাঁকে বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন স্বামী ও তাঁদের নাবালিকা কন্যাও। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের ভাঙনখালি কলতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির মধ্যে গত কয়েকদিন ধরে ৫০ হাজার টাকা নিয়ে লাগাতার অশান্তি চলছিল। শনিবার রাতে তা চরমে ওঠে। অভিযোগ, রাগের বশে স্ত্রী ঘরের ভিতর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।
চোখের সামনে স্ত্রীকে জ্বলতে দেখে বাঁচাতে ছুটে যান স্বামী। কিন্তু আগুনের লেলিহান শিখা তাঁকেও গ্রাস করে। সেই সময় ঘরেই ছিল তাঁদের নাবালিকা মেয়ে। বাবা-মাকে বাঁচাতে গিয়ে সেও আগুনে ঝলসে যায়। একই পরিবারের তিনজনের আর্ত চিৎকারে গভীর রাতে ঘুম ভাঙে প্রতিবেশীদের।
ছুটে এসে তাঁরা দেখেন, তিনজনই আগুনে পুড়ে কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিমুলতলা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বার্ন ওয়ার্ডে তিনজনেরই চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে ওই টাকা নিয়ে ঝগড়া, তা খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।