ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তির প্রথম ধাপে রাজি ইজরায়েল ও প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ইজরায়েল এবং হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হল খুব শীঘ্রই সমস্ত বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং ইজরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে যা একটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। সকল পক্ষের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে! এটি আরব ও মুসলিম বিশ্ব, ইজরায়েল, আশেপাশের সমস্ত দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন।’ সেই সঙ্গে কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ‘আমরা কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যারা এই ঐতিহাসিক এবং অভূতপূর্ব ঘটনাটি ঘটাতে আমাদের সঙ্গে কাজ করেছেন। শান্তি প্রতিষ্ঠাকারীরা ধন্য!’
উল্লেখ্য, মিশরে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই ধাপে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস সব ইজরায়েলি বন্দিদের মুক্তি দেবে। পাশাপাশি ইজরায়েলও গাজা থেকে সেনা সরিয়ে নেবে। বন্দি মুক্তি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘ঈশ্বরের সাহায্যে আমরা আমাদের সকল বন্দিকে ঘরে ফিরিয়ে আনব।’
